নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে একটি অবৈধ ছাপাখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের চার হাজার কপি গাইড বই ও ছাপানোর বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে কাচপুর বেহাকৈর এলাকায় পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ভবনের ভেতরে অনুমোদনহীনভাবে বিভিন্ন শ্রেণির গাইড বই ছাপানোর কার্যক্রম চলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে চার হাজার কপি বই জব্দ করা হয়। পাশাপাশি বই ছাপানোর কাজে ব্যবহৃত মেশিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জব্দ করা বইগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকাশনীর নাম ব্যবহার করে অবৈধভাবে গাইড বই ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
অভিযানের সময় ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বিপুল পরিমাণ বই ও মেশিন জব্দ করা হয়েছে। কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
