ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ ট্রাকচাপায় মুফতি আল জাহিদ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পরে ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুফতি আল জাহিদ কুমিল্লার বুড়িচং থানার নয়কামতা গ্রামের মো. শাহ আলম মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকার একটি মাদ্রাসার ইসলামী জলসায় অতিথি হিসেবে অংশ নেন মুফতি জাহিদ। প্রোগ্রাম শেষ হতে দেরি হওয়ায় তিনি রাতেই ওই মাদ্রাসায় অবস্থান করেন।
বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলযোগে কুমিল্লার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে মহাসড়কের পিরোজপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তার বাইকটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জাহিদ।
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। নিহতের শ্বশুর জানান, জাহিদের ৪ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। তিনি এই দুর্ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরবর্তীতে ধাওয়া করে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

