বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশাল শোডাউন ও মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু’র নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়।
মিছিলটি সোনারগাঁ পৌরসভার পুরান টিপরদী এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আয়োজিত সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে প্রায় হাজার খানেক নেতাকর্মী অংশ নেন। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ঢাক-ঢোল বাঁজিয়ে,স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সুষ্টি হয়।
শোডাউনে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও ব্যানার দেখা যায়।
শোডাউন শেষে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে তৃণমুল পর্যায়ে দলের প্রতি মানুষের ভালোবাসা ও সমর্থন রয়েছে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় সোনারগাঁ পৌর বিএনপি ও সোনারগাঁয়ের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
