নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন সমসপুর এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোঃ হাবিব নামের এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,সনমান্দি সমসপুর এলাকার বাসিন্দা মোঃ হাবিব অভিযোগ করেন যে, একই এলাকার বিধানসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদের কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে হাবিব জানান, গত ২৮ জুন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সনমান্দি সমসপুর বাজারের পূর্ব পাশে রাস্তায় একা অবস্থায় থাকাকালে অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তারা তাকে মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগ করা হয়।অভিযোগকারী বলেন দু’দফায় তাদের উপর হামলা করা হয়।
এছাড়া হামলার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করা হয় এবং পকেটে থাকা নগদ ২৫ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এ বিষয়ে সোনারগাঁ থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

