নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন ব্রিজের পিলারের খাদ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পরিত্যক্ত প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল চলাকালে টহল টিম গোপন সূত্রে খবর পায় যে, কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে সন্দেহজনক একটি ব্যাগ পড়ে রয়েছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ব্যাগটির ভেতর থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

