নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহর নেতৃত্বে নিয়মিতভাবে অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, চলমান অভিযানে ইতোমধ্যে একাধিক মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। দিন-রাত চলা এ বিশেষ অভিযানের ফলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িচর ও মেঘনা টোল প্লাজা এলাকায় পৃথক অভিযানে ডাকাত দলের কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। ওসি মহিবুল্লাহ বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে, বিশেষ করে তরুণ সমাজকে বিপথে নিচ্ছে। তাই মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সোনারগাঁয়ের কোথাও মাদক ব্যবসা বা সেবনের কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি আরও জানান, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত ও আরও জোরদার করা হবে। পুলিশ প্রশাসন সোনারগাঁবাসীর সহযোগিতা কামনা করে জানিয়েছে, সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে জনসচেতনতা ও তথ্য সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
